বয়স ৮০ ছুঁয়েছে, কিন্তু হলিউডের আইকনিক অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন-এর অবসরের কোনও লক্ষণ নেই! কেন তিনি এখনও উদয়াস্ত পরিশ্রম করে একের পর এক সিনেমা-সিরিজে অভিনয় করে যাচ্ছেন? অবশেষে তার আসল রহস্য ফাঁস করলেন ‘রকি’ খ্যাত এই হলি-তারকা নিজেই। সম্প্রতি এক জনপ্রিয় টক শো-তে হাজির হয়ে মজার ছলে তিনি জানান, বড় মেয়ে সোফিয়া স্ট্যালোন-এর আসন্ন রাজকীয় বিয়ের খরচ জোগাতেই নাকি দিনরাত এক করে খাটতে হচ্ছে তাঁকে!
গত ১৩ অক্টোবর জনপ্রিয় টক শো ‘লাইভ উইথ কেলি অ্যান্ড মার্ক’ -এ গেস্ট হিসেবে হাজির হয়েছিলেন সিলভেস্টার স্ট্যালোন। সেখানে সঞ্চালিকা কেলি রিপা রসিকতা করে জানতে চান, মেয়ের বিয়ের পেছনে তারকা কত টাকা ঢালতে চলেছেন? এক গাল হেসে ৮০ বছর বয়সী ‘টুলসা কিং’ তারকা জবাব দেন— "ওরে ভাই! বলতেও লজ্জা লাগছে... কিন্তু আমি কোনওভাবেই এখন অবসর নিতে পারছি না! সত্যি বলছি, একদম অবসর নেওয়া সম্ভব নয়!" স্ট্যালোনের এই জবাব শুনে হাসির রোল ওঠে স্টুডিওর দর্শকদের মধ্যে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ৩০ বছর বয়সী সোফিয়া তাঁর প্রেমিক মাইকেল শিহান-এর সঙ্গে বাগদানের কথা ইনস্টাগ্রামে পোস্ট করে জানান। রোমান্টিক সেই প্রস্তাবের ছবি শেয়ার করে সোফিয়া লিখেছিলেন, "আমার সেরা বন্ধুর সঙ্গে সারাজীবনের জন্য..."
https://www.youtube.com/watch?v=vZCv49OXTLI&t=423s
শো-তে স্ট্যালোন তাঁর হবু জামাইয়ের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে ‘দারুণ মানুষ’ বলে অ্যাখ্যা দেন। সেই সঙ্গে তিনি এক মজার ঘটনা ফাঁস করে বলেন, সোফিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে মাইকেল এসে সোজা স্ট্যালোনের কাছেই তাঁর মেয়েকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন!
এক সময়ের হলিউডের সেরা অনস্ক্রিন ফাইটার ও অ্যাকশন হিরোর সামনে দাঁড়িয়ে বিয়ের অনুমতি চাওয়ার সাহসিকতার কথা শুনে সঞ্চালিকা কেলি মস্করা করে বলেন, "ছেলেটা নিশ্চিত ভয়ে থরথর করে কাঁপছিল।" জবাবে স্ট্যালোন হেসে বলেন— "ও কিন্তু বেশ আত্মবিশ্বাসী ছিল। আমি তো শুনেই বলেছিলাম, ‘বাহ! গুড লাক ভাই!’ তবে কোনও ঝামেলা যাতে না হয়, তার জন্য রেফারির মতো আমার স্ত্রীকেও (জেনেনিফার ফ্লাভিন) সেখানে উপস্থিত থাকতে হয়েছিল।" এসব বলতে-বলতে আড্ডার মাঝে স্ট্যালোন তাঁর কালজয়ী ছবি ‘রকি ২’-এর স্মৃতি উসকে দিয়ে কিছু বিখ্যাত সংলাপও আউড়ে শোনান, যা উপস্থিত সবাইকে এক ঝটকায় নস্ট্যালজিক করে তোলে।
১৯৯৭ সালে জেনিফার ফ্লাভিনকে বিয়ে করেন সিলভেস্টার স্ট্যালোন। এই দম্পতির তিন কন্যা— সোফিয়া (৩০), সিস্টিন (২৮) এবং স্কারলেট (২৪)। প্রাক্তন স্ত্রী সাশা চ্যাকের ঘরেও স্ট্যালোনের ছিল দুই ছেলে— সারজিও (৪৭) এবং সেজ (যিনি ২০১২ সালে ৩৬ বছর বয়সে প্রয়াত হন)।
২০১২ সালে এক সাক্ষাৎকারে স্ত্রী জেনিফার জানিয়েছিলেন, তাঁদের তিন মেয়ের মধ্যে সোফিয়াই সবচেয়ে বেশি স্ট্যালোনের মতো স্বভাবের। জেনিফার বলেছিলেন— “বাপ-মেয়ের বন্ডিং একদম আলাদা। দু'জনের চিন্তাভাবনা ও হাত-পায়ের অঙ্গভঙ্গি একদম এক। সোফিয়া হল ওর বাবার চোখের মণি।”
মেয়ে সোফিয়ার এই জমকালো বিয়ের প্রস্তুতিতেই এখন ব্যস্ত স্ট্যালোন পরিবার, আর সেই খরচের বহর সামলাতেই ‘অ্যাকশন কিং’ এখনও অ্যাকশন মোডেই অন-স্ক্রিন রাজত্ব করছেন!
