নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত পরকীয়া প্রেমিক হাকিম মোল্লা পলাতক রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন নাদিম।
নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, ভাড়া ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক বাতেনের ছেলে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এ সময় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে নড়াইল জেলার হাকিম মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নাদিমের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। হাকিম মোল্লা পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।