কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ১৪ ঘণ্টা পরও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফারুক হোসেন।
আটক দুই পুলিশ সদস্য হলেন, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের জন্য থানার ওই দুই সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় নবাগত কনস্টেবল রোহিত দেওয়ান রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় প্রবেশ করেন। পরে ভারতীয় যুবকরা তাকে আটক করে। এ ঘটনার পর কনস্টেবল রোহিত দেওয়ানকে ছাড়িয়ে আনতে গিয়ে এএসআই ইমরানও আটক হন।
স্থানীয়রা জানান, আটক দুই পুলিশ সদস্যকে ভারতীয় যুবকরা মারধর করে বিএসএফের কাছে হস্তান্তর করে। যাদের বেশিরভাগই মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।
