অভিযান চলাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন তিনি। জেলা প্রশাসনের উদ্যোগে একই সময়ে জেলার প্রায় সব সরকারি দপ্তর এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ কর্মসূচি পালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পরিচ্ছন্নতাকর্মী ও সচেতন নাগরিক অংশ নেন।
অভিযানে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু ছড়ানোর জন্য দায়ী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পরামর্শ দেওয়া হয়। জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণকে সচেতন করার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
The post ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে ডিসির নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান appeared first on ভোরের চেতনা.
