প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির ইউসুফের ছেলে।
নিহত বাপ্পির ভাই রহিম খান বাবু জানান, তার ভাই শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এ সময় তার সঙ্গে থাকা শাওনের বুকেও গুলি লাগে।
গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের ২ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়।
রহিম খান বাবু আরও জানান, রাত দেড়টা পর্যন্ত শাওনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তার অবস্থাও আশঙ্কাজনক ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই নুরুল আলম আশেক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তারেক হোসেন বাপ্পি নিহত হয়েছেন। আহত শাওন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
