গাইবান্ধায় ডেঙ্গু উপসর্গ নিয়ে বিয়ের একদিন আগে আরিফ শাহরিয়ার সৌমিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন সৌমিক।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে যুবকের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার গায়ে হলুদের দিন সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। আজ শুক্রবার বিয়ে এবং আগামীকাল শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে সৌমিকের বৌভাতের আয়োজন ছিলো।
নিহত সৌমিক পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে ও ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের থেকে ট্রিপল-ই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সৌমিক। এরমধ্যে গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে ব্যবস্থাপত্র নেওয়া শেষে দুপুরে বাড়িতে নেওয়া হয় সৌমিককে। পরে বিকেলের দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেন। কিন্তু সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সৌমিককে মৃত ঘোষণ করেন।
এদিকে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় বিয়ের আনন্দ বইতে থাকা বর ও কনের দুটি পরিবারে চলছে শোকের মাতম। শোক জানিয়ে হাজারো পোস্ট করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার বাদ জুম্মা শহরের স্টেশন জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
