হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাঁদপুরের কচুয়া থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া তিনটি লাগেজও উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান এ তথ্য জানান। তিনি বলেন, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এপিবিএনের নজরে আসে। পরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই ফ্লাইটের যাত্রী জসিমকে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে গত ২০ অক্টোবর বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে মামলা করেন।