জরিপে এশিয়ার সামগ্রিক তালিকায় স্যামসাংয়ের স্কোর ৪ হাজার ৮১৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল এবং ক্রীড়াসামগ্রী নির্মাতা নাইকি। দুই কোম্পানির স্কোর যথাক্রমে ৪ হাজার ৭২৮ ও ৪ হাজার ৬৫৯।
এশিয়ার প্রধান বাজারগুলোয় টানা তৃতীয় বছরের মতো সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসাং। ব্র্যান্ডের পরিচিতি, পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা ও কেনাকাটার সিদ্ধান্তে ব্র্যান্ডটির প্রভাব বিবেচনায় নিয়ে করা এক জরিপে শীর্ষস্থান ধরে রেখেছে কোম্পানিটি। জাপানের সংবাদমাধ্যম নিক্কেইয়ের ২০২৬ সালের গ্লোবাল ব্র্যান্ড সার্ভেতে এ তথ্য উঠে এসেছে।
জরিপে এশিয়ার সামগ্রিক তালিকায় স্যামসাংয়ের স্কোর ৪ হাজার ৮১৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল এবং ক্রীড়াসামগ্রী নির্মাতা নাইকি। দুই কোম্পানির স্কোর যথাক্রমে ৪ হাজার ৭২৮ ও ৪ হাজার ৬৫৯।
নিক্কেই রিসার্চ পরিচালিত এ জরিপে মূল্যায়ন করা হয়েছে বিশ্বের প্রায় ২০০টি আন্তর্জাতিক ব্র্যান্ড। এশিয়ার আটটি দেশ ও অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রায় ৭০ হাজার ভোক্তার মতামত নেয়া হয়েছে এখানে। এশিয়ার জরিপে চীন, তাইওয়ান, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ভোক্তারা অংশ নেন।
সামগ্রিক তালিকায় শীর্ষে থাকলেও এশিয়ার সব বাজারে সেরা অবস্থান ধরে রাখতে পারেনি স্যামসাং। দেশভিত্তিক তালিকায় এবার থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রথম হয়েছে কোম্পানিটি। আগের বছর ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াসহ পাঁচটি বাজারে শীর্ষে ছিল স্যামসাং।