October 20, 2026,
স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধ, সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চলমান শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
২০ অক্টোবর মঙ্গলবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান, বিজিওএম, হবিগঞ্জ জেলা সদরের ৫ নং গোপায়া ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেখে অধিনায়ক ৫৫ বিজিবি সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতির কাছ থেকে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা মোতাবেক টহল জোরদার, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে ৫৫ বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১টি, সর্বমোট ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছে। গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ৫৫ বিজিবি তৎপর। বিভিন্ন অভিযান পরিচালনা করে গত ১ জানুয়ারি থেকে অদ্যাবধি মোট ২৫ জন আসামীসহ ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল আটক করেছে। চোরাচালান ও মাদক পাচারবিরোধী এসব কার্যক্রম দেশের অর্থনীতি সুরক্ষা, অপরাধ দমন এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

