কালবেলা · general
ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার যুবক
১৫/১০/২০২৬

চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মো. সরোয়ার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশ।
ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরোয়ার ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং মালিকের বিশ্বস্ত কর্মী ছিলেন। এ সুবাদে মালিকের মুঠোফোনের পাসওয়ার্ড জেনে ব্যক্তিগত ও পারিবারিক ছবি-ভিডিও সংগ্রহ করেন তিনি। পরে কয়েকজন মিলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন নম্বর থেকে টাকা দাবি করেন। আইনি পদক্ষেপ নিতে গেলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী আদালতে আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিমের দ্বিতীয় আদালত সংশ্লিষ্ট থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর সদরঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২) ও ৮(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৮৫, ৫০৬(২) ও ৩৪ ধারায় মামলা হয়। এতে সরোয়ারকে দ্বিতীয় আসামি করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘আদালত থেকে এজাহার পাওয়ার পর মামলা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗