রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ফটকের পাশে হোটেল আনাসের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
অচেতন ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলাম নিজ উদ্যোগে স্থানীয় দোকানদারদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
জহিরুল জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশে হোটেল আনাসের সামনের ফুটপাতে ভাতের দোকানের সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের দোকানদারদের সহযোগিতায় একটি রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ওই এলাকার ভাতের দোকানি মো. জসিম সরকার জানান, তিনি সেখানে প্রায় ৩৭ বছর ধরে ভাতের দোকান চালান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হোটেল আনাসের সামনের রাস্তায় একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি দোকানদারি শুরু করেন। এ সময় আশপাশের কেউ ওই ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে আসেননি।
জসিম সরকার বলেন, একপর্যায়ে জহিরুল সেখানে আসেন। পরে তিনি ও আশপাশের আরও কয়েকজন আলোচনা করে সাংবাদিক জহিরুল ইসলামের উদ্যোগে নিজেদের সহযোগিতায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।