Published on
:
2 min read
নয়াদিল্লি: উত্তরাখণ্ডের হোটেল রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারির হত্যাকাণ্ডে নাম জড়ানো বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম কুমার দুষ্মন্তকে সিকিমের রাজ্যপাল পদে বসানোর প্রতিবাদে বুধবার ইন্ডিয়া গেটে ধর্নায় বসেছিলেন নিহত অঙ্কিতার বাবা–মা বীরেন্দ্র ভাণ্ডারি ও সোনি দেবী। তাঁদের পাশে দাঁড়ান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী–সহ কংগ্রেসের একাধিক নেতা। বৃহস্পতিবার ভোরে অঙ্কিতার বাবা–মা, কংগ্রেস নেতা পবন খেড়া–সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে দিল্লি পুলিশ। থানায় নিয়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে তাঁদের ছেড়েও দেওয়া হয়, তবে খুনে অভিযুক্ত গৌতমকে রাজ্যপাল পদ থেকে না–সরানো হলে দেশজুড়ে প্রতিবাদ–বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে অঙ্কিতার পরিবার।
সূত্রের দাবি, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ জোর করে বীরেন্দ্র ও সোনিদের তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশ ভ্যান থেকে অঙ্কিতার মাকে বলতে শোনা যায়, ‘আমাদের যদি এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে দেওয়া না হয়, আমরা কিন্তু বাড়িতেই অনশন শুরু করব।’ ২০২২–এ উত্তরাখণ্ডে এক বিজেপি নেতার ছেলের হোটেলে খুন হন ১৯ বছরের তরুণী অঙ্কিতা। অভিযোগ, কোনও এক ‘ভিআইপি’ গেস্টকে সেক্সুয়াল সার্ভিস দিতে বলা হয়েছিল রিসেপশনিস্ট অঙ্কিতাকে, তিনি রাজি না হওয়ায় খুন হতে হয়! অঙ্কিতার পরিবার এবং কংগ্রেস পার্টির দাবি, এই ‘ভিআইপি’ গেস্ট আদতে গৌতম কুমার দুষ্মন্ত। গত চার বছর ধরে অঙ্কিতার পরিবার এই দাবি তোলার পরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর প্রস্তাবে সম্প্রতি ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। এই আবহে গৌতমকে সিকিমের রাজ্যপাল করা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিজেপি নেতাকে রাজ্যপাল পদ থেকে সরাতে কেন্দ্রকে আল্টিমেটাম দিয়েছেন নিহত তরুণীর বাবা বীরেন্দ্র। তাঁর বক্তব্য, ‘আমার মেয়েকে খুনে ভিআইপি (দুষ্মন্ত) যোগের সিবিআই তদন্ত শেষ না–হওয়া পর্যন্ত ওই নেতাকে রাজ্যপাল পদে বসানো যাবে না।’
বুধবার ইন্ডিয়া গেটে ধর্নায় বসা সন্তানহারা দম্পতির সঙ্গে দেখা করার পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, দলের জাতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল চলে গেলেও প্রবীণ কংগ্রেস নেতা পবন খেড়া, দলীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত, যুব কংগ্রেস প্রধান উদয় ভানু চিব–সহ অনেকেই সেখানে ছিলেন। তাঁদের সকলকেই বৃহস্পতিবার পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ওই দম্পতির সঙ্গে প্রতিবাদে যোগ দিয়ে আটক হন অ্যাক্টিভিস্ট যোগীতা ভায়ানাও। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আটক প্রত্যেককেই ছেড়ে দেয় দিল্লি পুলিশ।
