ঢাকা সাইবার ক্রাইম বিভাগের পুলিশ কর্মকর্তা পরিচয়ে ফোন করে ভীতি প্রদর্শনপূর্বক ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নিয়ে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিমের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে।
পরবর্তীতে মাগুরা জেলা পুলিশের তৎপরতায় দ্রুত হ্যাক হওয়া অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুর রহিম জানান, ‘ওসি ফরমান’ পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে নিজেকে ঢাকা সাইবার ক্রাইমের কর্মকর্তা হিসেবে দাবি করেন। ফোনে ওই ব্যক্তি বলেন, আব্দুর রহিমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জেলা প্রশাসককে (ডিসি) বারবার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের ভয় দেখিয়ে তাঁর ফোনে আসা ওটিপি কোডটি জেনে নেওয়া হয়। ওটিপি দেওয়ামাত্রই তাঁর হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায়। এরপর হ্যাকারকে শনাক্ত করার অজুহাতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রাখতে বলা হয়।
বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে মাগুরা জেলা পুলিশের শরণাপন্ন হন। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম সাইবার ক্রাইম টিমের সহায়তায় দ্রুত অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে দেন।
এ বিষয়ে মাগুরা সাইবার নিরাপত্তা শাখার উপপরিদর্শক (এসআই) অজয় বলেন, “পুলিশ কর্মকর্তা বা অন্য যেকোনো পরিচয়ই দেওয়া হোক না কেন, অপরিচিত কারও সঙ্গে নিজের ওটিপি, পিন বা গোপন পাসওয়ার্ড শেয়ার করা যাবে না।”
সাইবার বিশেষজ্ঞরা জানান, প্রতারক চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয় দেখিয়ে ওটিপি হাতিয়ে নেয় এবং অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে পরিচিতদের কাছ থেকে টাকা দাবি বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। এ ধরনের ফোন এলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন তাঁরা।
ঘটনায় জড়িত ব্যক্তি ও চক্রটিকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জেএইচআর
