দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭টি শিশু।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতটি শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে সুনির্দিষ্টভাবে কেবল হামে আক্রান্ত হয়ে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৪টি শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ১ হাজার ১৭৭ জন শিশুর মৃত্যু হলো।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১২৮ জন নিশ্চিত হামে আক্রান্ত এবং ১ হাজার ১৯৯ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০ জনে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী, যার মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
