দীর্ঘ প্রতীক্ষিত ছন্দে ফেরার প্রমাণ বেশ ভালভাবেই দিয়েছেন ফিল ফোডেন। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইংলিশ এই তারকা মিডফিল্ডারে হ্যাটট্রিকে এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
গত দুই মৌসুমে পারফরম্যান্সের বিশাল অবনতি হওয়ার পর ইত্তিহাদ স্টেডিয়ামে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফোডেন নিজের পুনর্জাগরণের আশা জাগিয়েছেন।
২৬ বছর বয়সী ফোডেন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগার কথা স্বীকার করেছেন। গত শনিবার ইপসউইচের বিপক্ষে জয়ের ম্যাচে গোল করার আগে টানা ১০ মাস গোলহীন ছিলেন তিনি।
ইংল্যান্ডের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত ফোডেনকে চলতি বছরের শুরুতে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। জাতীয় দলের স্কোয়াডে জায়গা না পাওয়া ছিল তার পারফরম্যান্সের অবনতির বড় ইঙ্গিত।
২০২৫ সালের নভেম্বরের পর চ্যাম্পিয়ন্স লিগে গোল না পাওয়ার খরা কাটিয়েছেন ফোডেন। তবে নিজের হারানো ছন্দ পুরোপুরি ফিরে পেতে হলে তাঁকে নিয়মিত এমন পারফরম্যান্স দেখাতে হবে।
ম্যাচের প্রথমার্ধের শুরুতেই সিটিকে এগিয়ে দেন এলিয়ট অ্যান্ডারসন। মৌসুমের বিরতিতে নটিংহাম ফরেস্ট থেকে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটিই তাঁর প্রথম গোল।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধে গ্রিক দলটির হয়ে স্তাভরোস পিলিওস একটি গোল শোধ করলেও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় প্রিমিয়ার লিগের শীর্ষ দল সিটি।
সিটির তৃতীয় গোলটি করেন রায়ান শেরকি। এরপর আরও দুইবার জালের দেখা পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফোডেন।
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এটি সিটির দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে পোর্তোকে হারিয়েছিল তারা। তবে গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিরকাছে পরাজিত হয়েছিল।
প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের ১০০টিরও বেশি অভিযোগে স্বাধীন কমিশনের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ফলাফলের অপেক্ষায় রয়েছে সিটি। ফলে ক্লাবটির ভবিষ্যৎ এখনেও অনিশ্চিত।
প্রতিবেদনে বলা হয়েছে, সিটির বড় অঙ্কের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে, যার ফলে তাদের অবনমন প্রায় নিশ্চিত হবে। এমন পরিস্থিতিতে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগই দীর্ঘ সময়ের জন্য ক্লাবটির শেষ ইউরোপীয় অভিযান হয়ে উঠতে পারে।
তবে এনজো মারেসকা ও তার খেলোয়াড়দের পারফরম্যান্সে এই বিতর্কের প্রভাব খুব একটা দেখা যায়নি। আবুধাবির মালিকানাধীন ক্লাবটির প্রতি সমর্থনও দৃঢ়ভাবে জানিয়ে যাচ্ছেন সমর্থকেরা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে সিটি। আর্লিং হালান্ডের অনুপস্থিতিও তাদের থামাতে পারেনি।
ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করার পর শেষ বাঁশি বাজার সময় পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় নরওয়ের স্ট্রাইকার হালান্ডকে। তাই এথেন্সের বিপক্ষে তাকে বেঞ্চে রেখেই মাঠে নামে সিটি। আগের ম্যাচের একাদশে আটটি পরিবর্তন আনেন মারেসকা। একাডেমি থেকে উঠে আসা ১৭ বছর বয়সী ফ্লয়েড সাম্বাও উইংয়ে নিজের প্রতিভার ঝলক দেখান।
পরিবর্তিত সিটির এগিয়ে যেতে মাত্র ১২ মিনিট সময় লাগে। এনজো ফার্নান্দেজের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এলে দ্রুত প্রতিক্রিয়া দেখান অ্যান্ডারসন। এথেন্সের রক্ষণভাগের খেলোয়াড়দের পেছনে ফেলে ১০ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠান এই মিডফিল্ডার।
৩৪ মিনিটে দৃষ্টিনন্দন এক আক্রমণের শেষ পর্যায়ে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। দ্রুতগতির নিখুঁত পাস বিনিময়ে ফোডেন ও রিকো লুইস সহজেই এথেন্সের রক্ষণ ভেঙে দেন। এরপর জোরালো শটে বল জালে পাঠান ফোডেন।
প্রথমার্ধে একতরফা আধিপত্যের কারণে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল সিটি। ফলে মনোযোগ হারানোর সুযোগে ৫২ মিনিটে টার্গেটে প্রথম শট থেকেই গোল করেন পিলিওস। এতে ব্যবধান কমিয়ে আনে গ্রিক দলটি।
