ঢাকা,১৩ অক্টোবর- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি যথাযথ নগর পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও রয়েছে। কিন্তু এ বিষয়টি নিয়ে আমরা খুব কম চিন্তা করি। ঢাকা শহরের দিকে তাকালে এখন সবচেয়ে বেশি যে আশঙ্কা হয়, তা হলো ভূমিকম্প হলে শহরটি একেবারে ধ্বংস হয়ে যাবে। বিশ্বের বিভিন্ন শহরে পরিকল্পিত নগর ব্যবস্থা না থাকার কারণে প্রাণহানির সংখ্যা অনেক বেশি হতে দেখা গেছে। তাই এসব বিষয়ে আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।
এস এম/ ১৩ অক্টোবর ২০২৬
