রাজবাড়ী জেলা শহরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর পিয়ারুল সরদার (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই দুর্বৃত্ত পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার মৃত হারুন সরদারের ছেলে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে বসবাস করতেন।
ঘটনার পর পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), এসআরবি ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন। এ সময় সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।
নিহতের বড় বোন বিথী বলেন, আমার ভাই ভালো হয়ে গিয়েছিল। সে নিয়মিত নামাজ পড়তে মসজিদে যেত। দুর্বৃত্তরা আগে থেকেই জানত, আমার ভাই নামাজ পড়তে আসবে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, নিহত পিয়ারুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
