Published on
:
1 min read
এই সময়: সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের পদক জয়ীদের ১৫ অক্টোবর বিকেলে নিজের বাসভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবর্ধনা জানানোর জন্য।
কিন্তু যারা পদক জেতেননি, তাদের জন্য এ বার হয়তো তিরস্কার অপেক্ষা করছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, গেমসে ৫০০ জন ভারতীয় ক্রীড়াবিদের মধ্যে ব্যর্থ হয়েছেন ৮৯ জন। যাঁদের মধ্যে ৩৪ জন আছেন এলিট অ্যাথলিট। যাঁদের থেকে পদক প্রাপ্তি নিশ্চিত ছিল। যেমন পিভি সিন্ধু, মানু ভাকের, জ্যোতি ইয়ারজি, প্রভীণ চিত্রভেলরা।
এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য এই এলিট অ্যাথলিটদের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম অর্থাৎ টপস থেকে খরচ করেছে ২৭ কোটি ১৬ লক্ষ টাকা। এই টাকায় ওই ক্রীড়াবিদরা বিদেশে প্র্যাক্টিস, টুর্নামেন্টে নামা ও ব্যক্তিগত কোচের জন্য খরচ করেছেন।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সূত্র জানাচ্ছে, এই এলিট অ্যাথলিটদের পারফরম্যান্স নিয়ে রিভিউ হবে। যা আগে কখনও হয়নি। যদি দেখা যায়, এঁরা সরকারি টাকা প্রয়োজনীয় খাতে খরচ করেননি, তাহলে এঁদের আগামী দিনে এই স্কিমে অতিরিক্ত টাকা দেওয়া হবে না। সেই টাকা ঢালা হবে উঠতি তারকাদের জন্য।
অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শুটার মানু এ বার এশিয়াডে নিজের দুটো ইভেন্টেই ব্যর্থ হন। অলিম্পিক্সের জোড়া পদক জয়ী শাটলার সিন্ধুও ব্যর্থ। জ্যোতি ও প্রভীণ চোট নিয়ে এশিয়াডে গিয়ে ইভেন্টে নামতেই পারেননি। টেনিস টিমও চরম ব্যর্থ। কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখবে সরকারি রিভিউ কমিটি। ফলে বেশ চাপে মানু–সিন্ধুরা।