Published on
:
2 min read
কয়েক মাস আগে ছাত্রবিক্ষোভে উত্তাল হয়েছিল দেশ। সেই সময়ে পড়ুয়াদের পক্ষে সেলিব্রিটিদের সমর্থনের ঢল নেমেছিল। এবার পরিস্থিতি অবশ্য অন্য রকম। বেশিরভাগ তারকাই যাবতীয় বিতর্ক থেকে নিজেদের দূরে রেখেছেন। তবে হাতেগোনা কয়েকজন স্পষ্টভাবেই তাঁদের বক্তব্য সামনে রেখেছেন। আর তাতেই বলিউডের মধ্যে তৈরি হওয়া একটা আড়াআড়ি বিভাজন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
এর আগে প্রশ্নপত্র ফাঁস ও পড়ুয়াদের আত্মহত্যার প্রেক্ষিতে তৈরি হওয়া আন্দোলনে ছাত্রদের দাবি মেনে নেওয়ার পক্ষে একাধিক তারকা সওয়াল করেছিলেন। টানা বিক্ষোভের মাঝে শেষপর্যন্ত ইস্তফা দিয়েছিলেন দেশের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর সেই আন্দোলনের মূলে থাকা ককরোচ জনতা পার্টি (সিজেপি) ফের একবার দেশজুড়ে বিক্ষোভে নেমেছে। এবার তাঁদের দাবি, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। বিষয়টা শুধু সিজেপির বিক্ষোভেই আটকে নেই, দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলও নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে রাস্তায় নেমেছেন। উল্টোদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বিক্ষোভ, আন্দোলন থামানোর জন্য একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
লেখা, ইমরান ও জ়েন Ei samay
এর মাঝেই সিজেপি–র রাস্তায় নেমে বিক্ষোভের ডাকের সমালোচনা করেছেন রণবীর শৌরে। অভিনেতার সাফ বক্তব্য, নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে রাস্তায় বিক্ষোভের বদলে আদালত, সংসদ এবং অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া উচিত। রণবীর বলেছেন, ‘রাস্তা নিজেদের দখলে নিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করা এবং সরকারি পরিকাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থাকে অচল করে দেওয়াই আসলে ‘গণতন্ত্রের হত্যা’!’ এর আগেই এই অান্দোলনকে তুলোধনা করে কঙ্গনা রানৌত বিক্ষোভকারীদের ‘দেশবিরোধী’ তকমাও দিয়েছিলেন।
এ দিকে, বিজয় বর্মা ও হুমা কুরেশি আবার আন্দোলনের পক্ষে মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রিশেয়ার করেছেন বিজয়। যে পোস্টের বিষয়বস্তু, জ্ঞানেশ কুমারের গদি বাঁচাতে কেন্দ্রীয় সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে। অভিনেত্রী হুমা কুরেশি আবার বিক্ষোভ করতে না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। দিল্লি–সহ দেশের একাধিক জায়গা থেকে আন্দোলনকারীদের ধরপাকড়ের খবর আসছে গত কয়েকদিন ধরেই। সেই প্রেক্ষিতে হুমা বলেছেন, ‘বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রে নিজেদের দাবি সামনে রেখে বিক্ষোভ করাটাও কিন্তু গণতান্ত্রিক অধিকার।’ প্রায় একই রকম বক্তব্য রেখেছেন স্বানন্দ কিরকিরেও।
এর মাঝে আমির খানের ভাইঝি জ়েন মেরি খানের পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। হাতে–পায়ে একাধিক কালশিটের দাগ দেখিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। বিক্ষোভে সামিল হওয়ার সময়ে মুম্বই পুলিশ তাঁকে আটক করেছিল। সেই সময়ে ধাক্কাধাক্কির জেরে চোট লেগেছে বলে দাবি জে়ন-এর। তাঁকে ছাড়াও অভিনেতা ইমরান খান ও তাঁর গার্লফ্রেন্ড লেখা ওয়াশিংটনকেও আটক করেছিল মুম্বই পুলিশ।