কখনো কখনো জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটে, যারা বদলে দেয় বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি। অন্ধকারে ডুবে থাকা জীবনে নিয়ে আসে নতুন আশার আলো। এমনই এক ভিন্নধর্মী ও রহস্যময় চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেতা ইয়াশ রোহান। বিশেষ নাটক ‘তোমার পরে তুমি’-তে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী নাজনীন নীহা।
নাটকটির গল্পে দেখা যাবে, জীবনের এক কঠিন ও অন্ধকার সময়ে দাঁড়িয়ে ভয়াবহ এক সিদ্ধান্ত নিতে উদ্যত হয় সারা নামের এক তরুণী। ঠিক সেই মুহূর্তে তার সামনে উপস্থিত হয় অপরিচিত যুবক সজল। তার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল। সজলের এই আকস্মিক আগমনই বদলে দেয় সারার জীবনের গতিপথ।
এতদিন পোষা বিড়ালটিই ছিল সজলের একমাত্র সঙ্গী। তবে সারার সঙ্গে পরিচয়ের পর তার জীবনেও তৈরি হয় নতুন সম্পর্কের সম্ভাবনা। অন্যদিকে, সজলের সান্নিধ্যে সারা খুঁজে পায় নতুন করে বেঁচে থাকার প্রেরণা। দুই ভিন্ন বাস্তবতার মানুষের এই অপ্রত্যাশিত সম্পর্ক কোন পথে এগোয়, তা নিয়েই সাজানো হয়েছে নাটকটির কাহিনি।
রাসেল পারভেজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। ইয়াশ রোহান ও নাজনীন নীহার পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। তিন অভিনয়শিল্পীকে একই নাটকে একসঙ্গে দেখার সুযোগও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।
নাটকটির রোমান্টিক আবহকে আরও গভীর করতে যুক্ত করা হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান গায়ক রিয়াদ।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘তোমার পরে তুমি’। রহস্যময় সজল চরিত্রে ইয়াশ রোহানের অভিনয়, নাজনীন নীহার সঙ্গে তাঁর রসায়ন এবং গল্পের আবেগঘন উপস্থাপনা নাটকটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
