প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জাপানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই দ্বিপক্ষীয় সফরটি হচ্ছে। প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি জাপান সফর করবেন। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদাও থাকবেন।
তারেক রহমানের সফর ঘিরে প্রবাসীদের মধ্যে সাঁজ সাঁজ রব তৈরি হয়েছে। সেখানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির মধ্যে সফরটি নিয়ে নতুন করে ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবাসীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন করাসহ নানা ধরনের প্রস্তুতি গ্রহণের প্রচারণা চালাচ্ছেন।
জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য কর্মী চুক্তি নিয়ে প্রবাসীরা অনেক আশাবাদী। এ ছাড়া ভিসা জটিলতা নিরসন এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও তারা সুনির্দিষ্ট পদক্ষেপের প্রত্যাশা করে অনুরোধ রাখছেন।
প্রবাসীরা প্রত্যাশা করছেন, এই সফরে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম এবং জাপানি ব্যবসায়ীদের সাথে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণ জাপানি বিনিয়োগ আসবে, যা দেশের অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী করবে।
এ সফর প্রক্কালে স্থানীয় প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা ও টোকিওর নারিতা বিমানবন্দরের মধ্যে তাদের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা তাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তাদের মতে, রাজনৈতিকভাবে এ ধরনের সিদ্ধান্ত প্রবাসীদের যাতায়াত আরও সহজ করবে।
