প্রকাশিত: ১৬:৪২, ২৪ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:৫০, ২৪ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

আনিসুর রহমান ওরফে পলাশ মাহমুদ
খুলনার ডুমুরিয়ায় তিনটি জবাই করা ঘোড়ার প্রায় তিন মণ মাংসসহ আনিসুর রহমান ওরফে পলাশ মাহমুদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় একটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরবি জানায়, অভিযানের সময় পলাশের সহযোগীরা পালিয়ে যান।
এসআরবি-৬ অধীনস্থ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ বলেন, চক্রটি ঘোড়া জবাই করে গরু বা খাসির মাংস হিসেবে বিভিন্ন স্থানে ও হোটেলে বিক্রি করত বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ অন্তত ১৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির কথা স্বীকার করেছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় আদালত পলাশকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির বলেন, জব্দ করা ঘোড়ার মাংস অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পরে মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। জীবিত ঘোড়াটি স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শেখের জিম্মায় দেওয়া হয়েছে।
