বিয়ে নিয়ে নিজের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাঁর মতে, বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের চেয়ে মানসিক পরিপক্বতা বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, সংসার করতে প্রয়োজন ধৈর্য, বুদ্ধিমত্তা ও পারস্পরিক বোঝাপড়া। জীবনে থিতু হওয়ার মানসিক প্রস্তুতি এলেই বিয়ের সিদ্ধান্ত নিতে চান তিনি।
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বন্ধুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন নুসরাত। তাঁর মতে, ভালোবাসার পাশাপাশি একসঙ্গে সময় কাটানো, আনন্দ ভাগ করে নেওয়া এবং পরস্পরের প্রতি বোঝাপড়া থাকাও জরুরি।
বিয়ের পর নিজের স্বপ্ন থামিয়ে দিতে চান না এই অভিনেত্রী। বরং নতুন কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হলে জীবনসঙ্গীকে পাশে নিয়েই এগোতে চান তিনি।
সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে নুসরাত বলেন, শুধু সামাজিক চাপের কারণে অসুখী সম্পর্ক টিকিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। তবে মতের অমিল এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া এক বিষয় নয় বলেও মনে করেন তিনি।
সব মিলিয়ে নুসরাতের কাছে বিয়ে শুধু সামাজিক নিয়ম নয়; বরং মানসিক প্রস্তুতি, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও একসঙ্গে জীবন কাটানোর ইচ্ছাই সুন্দর দাম্পত্যের ভিত্তি।
এমএমটি
-20261023045252.jpg&w=1440&q=75)