খুলনা গেজেট অক্টোবর ২৪, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড়ের বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় ও নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল দুটি হলো, যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট।
নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের সন্ধান পেতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এনএম
