ঢাকা,১৫ অক্টোবর- অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।
দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জানান, চার বছরের কারাদণ্ডের পাশাপাশি আসামি সিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া সিয়ামের অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিয়াম বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। একসময় তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তিনি ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
গত ১৭ জুন একই আদালত এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় আদালত ১১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেন। পরে ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হলো।
এস এম/ ১৫ অক্টোবর ২০২৬
