কামারডাঙা শিশু সঙ্ঘEi Samay
Published on
:
1 min read
হাওড়ার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কামারডাঙা শিশু সঙ্ঘ। চলতি বছর এই কমিটির পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষ। এ বারের পুজো কমিটির থিম ‘কামারডাঙায় কার্গিল’। মণ্ডপ জুড়ে তুলে ধরা হচ্ছে কার্গিল যুদ্ধের দুর্গম প্রান্তর এবং বীর সেনাদের আত্মত্যাগের ইতিহাস। আলোর রোশনাই আর চাকচিক্যের বাইরে গিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমের পাঠ দেওয়াই পুজো কমিটির মূল উদ্দেশ্য।
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও শহিদ জওয়ানদের বলিদানকে শ্রদ্ধা জানাতেই এই ভাবনার জন্ম। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধের পরিবেশ, সেনার বাঙ্কার এবং ছাউনির নিখুঁত আবহ। এই থিমের মাধ্যমে মূলত সমাজে একতার বার্তাও দেওয়া হয়েছে। পুজো কমিটির মতে, সেনাবাহিনীতে যেমন জাত-ধর্মের ভেদাভেদ থাকে না এবং সবার একটাই পরিচয় ‘ভারতীয়’, ঠিক তেমনই সমাজে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রীতির ছাপ থাকছে প্রতিমাতেও। মা দুর্গা এখানে কেবল অসুরবিনাশিনী নন, তিনি ঐক্যের প্রতীক। সন্তানদের সঙ্গে নিয়ে মায়ের এই রূপ সমাজে পারস্পরিক সম্প্রীতি ও একতার বার্তা দিয়েছে। সুবর্ণ জয়ন্তীতে দেশভক্তি ও মানবতার এই মেলবন্ধন দিয়েই দর্শনার্থীদের মন জয় করছে কামারডাঙা শিশু সঙ্ঘ।