প্রতিনিধি
নাটোর
নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্র জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে।
