একসময় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই ছিল জমকালো আয়োজন। পাঁচতারা হোটেলের ঝলমলে পরিবেশ, রঙিন থিম, বিশেষ পোশাক, কেক কাটা আর তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠত পুরো আয়োজন।
তবে সেই জৌলুশে এখন ভাটা পড়েছে। ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর আর সেভাবে জন্মদিন উদযাপন করেননি এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
এবারও কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে জন্মদিনে একটি সন্ধ্যা কাটানোর কথা ভাবছেন তিনি।
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম পরীমনির। তার জন্মনাম শামসুন্নাহার স্মৃতি। পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে কেটেছে তার শৈশব। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। এরপর বাবা মনিরুল ইসলাম তাকে রেখে আসেন পিরোজপুরে নানাবাড়িতে। সেখানেই নানা শামসুল হক গাজীর স্নেহে বেড়ে ওঠেন অভিনেত্রী।
শৈশব থেকে জীবনের নানা পর্যায়ে নানাই ছিলেন পরীমনির সবচেয়ে কাছের মানুষ। সেই নানাকে ২০২৩ সালে হারানোর পর বদলে যায় তার জন্মদিন উদযাপনের অভ্যাসও। বিশেষ দিনটিতে আগের মতো আয়োজন করার কথা আর ভাবতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘নানু ভাই যাওয়ার পরে আসলে আমি বার্থডে কখনো সেলিব্রেটই করি নাই। আমার মাথায় আসে নাই যে আমি নানু ভাইকে ছাড়া কেক কাটবো, সবাইকে নিয়ে হইচই করবো সেটা আমার মাথায় আসে নাই একদমই।’
তবে এবার জন্মদিনে কাছের মানুষদের নিয়ে কিছুটা সময় কাটানোর কথা ভাবছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘কিন্তু আমার মনে হয় একটু সবাই একসাথে একটা সন্ধ্যা... আপনারা যারা আছেন, আমার কাছের প্রিয় মানুষজন, তাদেরকে নিয়ে একটুখানি একটা সন্ধ্যা তো কাটাতেই পারি।’

নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা) নাচ শিখতে ভর্তি হয়েছিলেন পরীমনি। বিভিন্ন অনুষ্ঠানে নাচের পাশাপাশি অভিনয়ের সুযোগ পান টেলিভিশন নাটকে। ‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’ ও ‘এক্সট্রা ব্যাচেলর’সহ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। পরে ‘নারী ও নবনীতা তোমার জন্য’ নাটকে মূল চরিত্রে অনাভিনয়ের সুযোগ পান।
২০১৫ সালে চলচ্চিত্রে নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয় তার। নজরুল ইসলাম খানের পরিচালনায় ‘রানা প্লাজা’ সিনেমায় অভিনয় করলেও নানা জটিলতায় ছবিটির মুক্তি আটকে যায়। পরে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

রোমান্টিক চরিত্রে সহজ-সাবলীল অভিনয় দিয়ে নজর কাড়েন পরীমনি। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সেসব সিনেমার অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি, কিছু নির্মিত হলেও মুক্তি পায়নি।
বিজ্ঞাপন
এরপর ধীরে ধীরে অভিনয়ে ভিন্ন মাত্রা যোগ করেন পরীমনি। ‘রূপবান’ সিনেমায় গ্রামীণ তরুণীর চরিত্রে অভিনয় করে গ্ল্যামারের বাইরেও নিজের সংবেদনশীল অভিনয়ক্ষমতার পরিচয় দেন। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’-এ রূপা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।
‘বিশ্বসুন্দরী’তে তৃষ্ণা এবং ‘গুণিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নানা ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরেন তিনি। আর ‘মা’ সিনেমায় সন্তান হারানো এক মায়ের যন্ত্রণা, মাতৃত্ব ও সংগ্রামের আবেগ ফুটিয়ে তুলে নিজের অভিনয়জীবনে যোগ করেন ভিন্ন এক অধ্যায়।
বিজ্ঞাপন
এমআই/এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
