ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। একটি শিক্ষিত প্রজন্মই পারে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ উপহার দিতে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, গভর্নিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
