সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়ী করে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে তাৎক্ষণিকভাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত তার ব্যক্তিগত ফেসবুক পেজে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’ লিখে একটি চাঞ্চল্যকর পোস্ট দেন। এর মাত্র কয়েক মিনিট পর তিনি ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরও একটি পোস্ট দেন। মুহূর্তের মধ্যে এই পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিল্পী রাণী মোদক তাৎক্ষণিকভাবে ‘ইউএনও জামালগঞ্জ’ নামক ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্পষ্টীকরণ পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন যে, সহকারী কমিশনারের ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তবে ইউএনওর পেজে আইডি হ্যাকিংয়ের দাবি প্রচারের কিছুক্ষণ পরেই এসিল্যান্ডের আইডি থেকে মূল পোস্টটি মুছে ফেলা হয়।
পোস্ট ডিলিট করার এই রহস্যজনক ঘটনা নিয়ে স্থানীয় সচেতন নাগরিক সমাজের মধ্যে নানামুখী আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের উচ্চ মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসে এবং এই প্রত্যাহারমূলক ব্যবস্থা নেওয়া হয়।
