ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করার উদ্দেশ্যে মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি সাত দিনের পরিকল্পনা প্রস্তাব দিয়েছে তেহরান। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখন মূল সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে এবং শান্তি আলোচনার ভবিষ্যৎ তাদের পছন্দের ওপরই নির্ভর করছে।
শনিবার (১৭ অক্টোবর) অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থানকালে তিনি এসব কথা বলেন।
চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপের দিকে ইঙ্গিত করে আরাগচি বলেন, অতীত ভুল ও অপরাধের পুনরাবৃত্তি করে কখনই নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়। কোনো একটি দেশের ওপর বোমাবর্ষণ করা, তা ধ্বংস করার হুমকি দেওয়া এবং নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পর স্বাভাবিক নৌ চলাচলের নিরাপত্তা আশা করা যায় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, ইরান তাদের জনগণ, সার্বভৌমত্ব এবং বৈধ স্বার্থ রক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তবে নিজের অধিকার রক্ষা করা এবং শান্তির পথে হাঁটার মধ্যে কোনো বিরোধ নেই। যুদ্ধের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সে বিষয়ে তেহরান সম্পূর্ণ সচেতন, আর ঠিক সে কারণেই ইরান শান্তিকে এতটা গুরুত্ব দেয়।
সূত্র: আল-জাজিরা