Published : 15 Oct 2026, 07:09 PM
Updated : 15 Oct 2026, 07:09 PM
প্রতিবারের মত এবারও শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রকাশ্যে আসছে নতুন কিছু গান।
সংগীতশিল্পী অরূপ রতন চৌধুরীর কণ্ঠে শোনা যাবে ‘জয় মা দুর্গা’ গান। অন্যদিকে 'অসম সমীকরণ' শিরোনামের একটি গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার।
‘জয় মা দুর্গা’ গানের কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। গানটি নিয়ে অরূপ রতন চৌধুরী বলেন, "দুর্গাপূজার ধর্মীয় আবহের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবের আবহকে ধারণ করেই এটি নির্মিত হয়েছে। দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরার পাশাপাশি পূজার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে গানটি।"
গানের ভাব ও কথা ঘিরে এক ভিডিওচিত্র নির্মাণ করেছেন এ বাবুল। কোরিওগ্রাফি করেছেন গৌরব এবং ভিডিওগ্রাফিতে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে মডেল হিসেবে পারফর্ম করেছেন অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদ।
গানটি অরূপ রতন চৌধুরীর ইউটিউব চ্যানেলে শোনা যাবে।
'অসম সমীকরণ' গানটির কথা ও সুর করেছেন সংগীতশিল্পী অটামনাল মুন। মুক্তা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রচার করা হয়েছে।
গানটি নিয়ে মুক্তা মজুমদার বলেন, "গানটির কথা ও আবেগঘন সুর শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। পূজার দিনগুলোকে আরও বেশি অর্থবহ ও রঙিন করে তুলবে বলেই আমার বিশ্বাস।"
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে ‘মায়াবী জ্যোত্স্না রাতে’ শিরোনামের দ্বৈত গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ।
