উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে কোমো মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এর আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হতে পারেন— এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোমোর কোচ সেস্ক ফ্যাব্রেগাস। দুই দলের মধ্যকার ম্যাচের আগে এই প্রসঙ্গ ওঠার বিষয়টিকে সরাসরি অশ্রদ্ধাজনক বলে উল্লেখ করেছেন তিনি।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হচ্ছে কোমো ও ম্যান ইউনাইটেড। ফলে ডাগআউটে মুখোমুখি লড়াইয়ে নামছেন বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাব্রেগাস ও সাবেক ইংলিশ মিডফিল্ডার ক্যারিক।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয় না পাওয়ায় বর্তমানে বেশ চাপে আছেন ইউনাইটেডের কোচ ক্যারিক। তার পরিবর্তে রেড ডেভিলদের নতুন কোচ হিসেবে ফ্যাব্রেগাসের সম্ভাবনা দেখছেন অনেকে। চেলসি, আর্সেনাল ও বার্সেলোনার সাবেক এই তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল— তিনি কি ক্যারিকের জায়গায় ইংলিশ ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন?
প্রশ্নটি শোনার পর ফ্যাব্রেগাস কেবল উত্তর দিতেই অস্বীকৃতি জানাননি, বরং এই ধরনের প্রশ্নের কড়া সমালোচনাও করেছেন। গতকাল মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দেব না। কারণ আমার মনে হয়, এটা মোটেও কোনো ভালো প্রশ্ন নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটি অসাধারণ ক্লাবের দায়িত্বে থাকা মাইকেল ক্যারিকের মতো একজন দুর্দান্ত ফুটবলার ও ম্যানেজারের প্রতি এতে যথেষ্ট শ্রদ্ধা প্রকাশ পায় না।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে ম্যান ইউনাইটেড। টানা এক মাসেরও বেশি সময় ধরে জয়ের মুখ দেখেনি দলটি। এই করুণ অবস্থা নিয়েই তারা ইতালি সফর করছে।
ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড
অন্যদিকে, ইতালিয়ান সিরি আর পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে আছে কোমো। গত রোববার ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারিয়ে দারুণভাবেই নিজেদের প্রস্তুত করে নিয়েছে তারা।
প্রতিপক্ষকে সম্মান জানিয়ে ফ্যাব্রেগাস আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি ঐতিহ্যবাহী ক্লাব, যাদের আমি খুব ভালোভাবে চিনি। তারা কে বা কী করে, সে ব্যাপারে আমাদের অগাধ শ্রদ্ধা আছে। কারণ তাদের দলে অবিশ্বাস্য সব খেলোয়াড় রয়েছে।’
ক্যারিকের সাম্প্রতিক অর্জনের কথা স্মরণ করিয়ে দিয়ে ফ্যাব্রেগাস যোগ করেন, ‘গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে বহু বছর পর তাদের যোগ্য জায়গা অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়ে এনে তিনি দুর্দান্ত কাজ করেছেন। তাই সবকিছু কিন্তু খারাপ যাচ্ছে— এমন নয়। আমাদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো তাদেরকে আতিথেয়তা দিতে পারাটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের।’
