Published : 20 Oct 2026, 09:03 AM
Updated : 20 Oct 2026, 09:12 AM
দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সরকারপ্রধান রংপুরের পথে রওনা হন বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সেখানে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।”
এদিন তারেক রহমান রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন।
প্রেস সচিব বলেন, “তিন মহানগরে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।”
সালেহ শিবলী বলেন, “এই সরকারের নীতি—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এবার সরকার সারাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে। বরাদ্দ বেড়েছে, ছুটি বেড়েছে, পূজামণ্ডপগুলোতে সব ধরনের সহযোগিতা করছে সরকার।”
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা; সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন; সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা; দুপুর ১টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন; দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি; বিকাল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান; বিকাল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা; বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএম সেন হল, রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন; সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি; সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।
