ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।” বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে স্পিকার বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিবিড় যোগাযোগ থাকে। কিন্তু অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে এসব নির্বাচন সুষ্ঠু হয়নি। তিনি নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানান এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে একটি কার্যকর পদ্ধতি নির্ধারণের পরামর্শ দেন।
গতকাল বুধবার ভোলার তজুমদ্দিনে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া নিজের একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব ছিল না। সে প্রেক্ষাপটেই তিনি কঠোর মন্তব্য করেছিলেন।
দ্বীপজেলা ভোলার অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, দেশে আবিষ্কৃত গ্যাসের একটি বিশাল ভাণ্ডার ভোলায় রয়েছে। আপাতত মনে হচ্ছে দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাস ভোলাতেই বিদ্যমান এবং সামনে আরও বিপুল গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে।
তিনি জানান, ভোলার গ্যাস ব্যবহারের বিষয়ে সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করছে। ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম সহজ উপায় লুকিয়ে রয়েছে এই ভোলাতেই।
মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
The post আগামী ১০ বছরের মধ্যে ফেরার সম্ভাবনা নেই শেখ হাসিনার : স্পিকার appeared first on Dhaka Protidin.
