অনলাইন যোগাযোগে ইমোজির ব্যবহার দিন দিন বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বছরের সবচেয়ে জনপ্রিয় ইমোজির শীর্ষস্থান দখল করেছে ‘উচ্চস্বরে কান্নারত মুখ’। গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, এটি আগের জনপ্রিয় ইমোজি ‘আনন্দাশ্রুসহ মুখ’ এবং ‘হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি’ ইমোজিকে পেছনে ফেলেছে।
গুগলের ব্যাখ্যা অনুযায়ী, কান্নারত মুখের এই ইমোজি এখন শুধু দুঃখ প্রকাশের জন্য ব্যবহৃত হয় না। অনলাইন কথোপকথনে হাসি, বিস্ময়, বিব্রতকর পরিস্থিতি, আনন্দ কিংবা অতিরিক্ত আবেগ প্রকাশ করতেও এটি ব্যবহার করছেন অনেকে। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক বছরে ইমোজিটির ব্যবহার বেড়েছে ৩৭ শতাংশ।
কেন বদলে যাচ্ছে ইমোজির জনপ্রিয়তা?
গুগলের গবেষকদের মতে, তরুণদের মধ্যে প্রচলিত ইমোজি ব্যবহারের প্রবণতায় পরিবর্তন দেখা যাচ্ছে। কিশোর ও জেন-জি ব্যবহারকারীদের অনেকে ‘আনন্দাশ্রুসহ মুখ’ এবং ‘হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি’ ইমোজিকে এখন কিছুটা পুরোনো ধাঁচের মনে করেন। ফলে তারা আবেগ প্রকাশে বেছে নিচ্ছেন আরও নাটকীয়, ব্যতিক্রমী কিংবা মজার প্রতীক।
অন্যদিকে, বয়স্ক ব্যবহারকারীদের কাছে এসব প্রচলিত ইমোজি এখনো আন্তরিক হাসি ও আনন্দ প্রকাশের পরিচিত মাধ্যম। একই ইমোজিকে ভিন্ন প্রজন্ম ভিন্ন অর্থে ব্যবহার করছে—এ বিষয়টিও অনলাইন যোগাযোগের পরিবর্তনশীল সংস্কৃতিকে তুলে ধরে।
যে ইমোজির ব্যবহার সবচেয়ে দ্রুত বেড়েছে
জনপ্রিয়তার পাশাপাশি দ্রুত ব্যবহারের বৃদ্ধির দিক থেকেও একটি ইমোজি নজর কেড়েছে। সেটি হলো ‘মুরঝে যাওয়া ফুল’। গত এক বছরে এর ব্যবহার বেড়েছে ১৯০ শতাংশ। এই ইমোজি সাধারণত হতাশা, দুঃখ, মানসিকভাবে ভেঙে পড়া কিংবা কোনো পরিস্থিতিতে একেবারে নিস্তেজ হয়ে যাওয়ার অনুভূতি প্রকাশে ব্যবহৃত হয়। জনপ্রিয়তার তালিকায় এটি বর্তমানে ৯৩তম অবস্থানে রয়েছে।
এ ছাড়া ‘মোয়াই’ ইমোজির জনপ্রিয়তাও কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে তালিকার ৪৮২তম অবস্থানে থাকা এই ইমোজি ২০২৫ সালে উঠে এসেছে ৩৩তম স্থানে। তরুণেরা সাধারণত নির্লিপ্ততা, উদাসীনতা কিংবা অদ্ভুত কোনো পরিস্থিতিতে নির্বিকার থাকার ভাব বোঝাতে এটি ব্যবহার করেন।
গুগলের জনপ্রিয় ১০ ইমোজির তালিকা
- ১. উচ্চস্বরে কান্নারত মুখ
- ২. হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি
- ৩. আনন্দাশ্রুসহ মুখ
- ৪. লাল হৃদয়
- ৫. জোড় করা হাত
- ৬. চুমু ছুড়ে দেওয়া মুখ
- ৭. হৃদয়ে ঘেরা হাসিমুখ
- ৮. থাম্বস আপ
- ৯. হৃদয়-চোখের হাসিমুখ
- ১০. হাসিমাখা চোখে উজ্জ্বল মুখ
ডিজিটাল যোগাযোগে শুধু ইমোজির ওপর নির্ভর করছেন না ব্যবহারকারীরা। নিজেদের প্রতিক্রিয়া আরও স্পষ্টভাবে প্রকাশ করতে অনেকে এখন স্টিকার ও জিআইএফ ব্যবহার করছেন। কোনো টিভি সিরিজের পরিচিত দৃশ্য কিংবা জনপ্রিয় চরিত্রের অভিব্যক্তি অনেক সময় একটি ইমোজির চেয়েও ভালোভাবে মনের ভাব প্রকাশ করতে পারে।
এ ক্ষেত্রে জনপ্রিয় টিভি সিরিজ ‘ডেক্সটার’-এর সার্জেন্ট ডোকসের স্টিকার উল্লেখযোগ্য। সন্দেহ, অবিশ্বাস কিংবা কোনো বিষয় বুঝতে পারলেও তা প্রমাণ করতে না পারার পরিস্থিতি বোঝাতে অনেকে এই স্টিকার ব্যবহার করেন।
এ ছাড়া ছোট্ট রোহি নামের একটি চরিত্রও অনলাইনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হোয়াটসঅ্যাপের স্টিকার ও মিমের জগতে তাকে অনেকেই পরিচিত মুখ হিসেবে ব্যবহার করেন।
গুগলের পর্যবেক্ষণ বলছে, সময়ের সঙ্গে ইমোজির ব্যবহার ও অর্থ—দুটিই পরিবর্তিত হচ্ছে। নতুন প্রজন্ম পুরোনো প্রতীকগুলোকে নতুনভাবে ব্যবহার করছে, আবার কিছু প্রচলিত ইমোজির জায়গা দখল করছে আধুনিক ইন্টারনেট সংস্কৃতির সঙ্গে মানানসই নতুন প্রতীক, স্টিকার ও জিআইএফ। ফলে অনলাইন যোগাযোগের ভাষাও ক্রমাগত নতুন রূপ পাচ্ছে।