প্রকাশিত: ১১:২৭, ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:২৮, ১৫ অক্টোবর ২০২৬
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইনসেটে রায়হান (১০) মাসের শিশু ও তাদের বসত বাড়ি
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটি ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে রাসেল খান তার শিশুসন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া, মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর রুমা ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে রাসেলকে ডেকে তোলেন। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে পুকুরে সেচ দেওয়া হয় এবং এলাকাজুড়ে মাইকিং করা হয়। শিশুটি নিখোঁজ হওয়ার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ।
রুমা বেগম বলেন, ভোরে তিনি রায়হানকে দুধ খাওয়ানোর পর ঘরের বাইরে লেপার কাজে যান। এ সময় রায়হানের পাশে তার স্বামী রাসেল ঘুমিয়ে ছিলেন। পরে কুকুরের ডাকাডাকি শুরু হলে তিনি ঘরে গিয়ে রায়হানকে দেখতে না পেয়ে স্বামীকে ডেকে তোলেন।
রাসেল খান বলেন, রায়হানকে দুধ খাওয়ানোর সময়ও তিনি সজাগ ছিলেন। কিন্তু পরে তিনি ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তুললে তিনি দেখেন, রায়হান তার কাছে নেই। তিনি তার সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন।
এ ঘটনায় কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
