গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোর ও হারবাল সেকশনে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার মাত্র ১২ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় এবং বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরোপুরি আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
