সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, ‘সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের পাশে রয়েছে সরকার। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পাশে রয়েছেন।’
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, বিএনপি সরকার সব সময় দুর্গাপূজার আয়োজনের ওপর নজর রাখছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে চার হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়া অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার।
