সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটের হালনাগাদ সূচি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটের ফ্লাইটও নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হালনাগাদ তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রুটটিতে অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
যে আই
