কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা প্রয়াত আশরাফ উদ্দিন তরফদারের স্ত্রী মোছা. জাহিদা খাতুন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত পাঁচ মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন তিনি। অসুস্থতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করলেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। এখন সুস্থ হয়ে বেঁচে থাকার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জাহিদা খাতুন। কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য না থাকায় তাঁর চিকিৎসা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। একদিকে মরণব্যাধির যন্ত্রণা, অন্যদিকে অর্থের অভাব—সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।
এ অবস্থায় জাহিদা খাতুনের সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল মানুষ, প্রবাসী বাংলাদেশি এবং দেশ-বিদেশের মানবিক হৃদয়ের মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে তাঁর পরিবার।
মানুষ মানুষের জন্য—এই মানবিক বোধ থেকে সবাই এগিয়ে এলে হয়তো জাহিদা খাতুনের চিকিৎসার পথ কিছুটা সহজ হবে। কারও সামান্য আর্থিক সহযোগিতাও তাঁর বেঁচে থাকার লড়াইয়ে বড় অবলম্বন হয়ে উঠতে পারে। সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় এই নারীর পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর ঠিকানা:ব্যাংকের নাম: সোনালী ব্যাংক শাখা: কালিগঞ্জ, সাতক্ষীরা, হিসাব নম্বর:
২৮০৯২০১০৪৮৪২০
বিকাশ ও নগদ:- মোবাইল নম্বর: ০১৯১১৮২৮৫২০
The post কালিগঞ্জে ক্যান্সারে আক্রান্ত জাহিদা খাতুনের বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন মানবিক সহায়তা appeared first on সকালের খবর ২৪.
