নাটোরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেবে জেলা প্রশাসন। এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে।
নাটোরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক আলতাফ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত আরপি স্পেশাল পরিবহনের বাসটির কোনো বৈধ ফিটনেস ছিল না। বাসটির ফিটনেসের মেয়াদ চলতি বছরের ১২ মে শেষ হয়ে গেছে।
আজ ভোরে ফিরোজপুর থেকে নাটোরগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বনপাড়ার সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরো পাঁচজন মারা যান। দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।
