ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মজিবুল ইসলাম। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার দুপুরে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মারামারির সময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, হত্যার ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পলাতক রবিউলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
