তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেছিলেন লিটন দাস। কোনো তাড়াহুড়ো করেননি তিনি। স্বাভাবিক খেলাটাই খেলেছেন। চতুর্থ দিনে বড় দায়িত্ব তার ওপর। ব্যাটিংয়ে নেমে সেটাই পালন করার চেষ্টা করছেন তিনি। আগের দিন ৫ নিয়ে দিনশেষ করা লিটন পৌঁছে গেছেন হাফসেঞ্চুরির কাছে। এরই সঙ্গে গড়েছেন একটি রেকর্ডও।
আজ রোববার (১২ অক্টোবর) সকালেই নতুন মাইলফলকে নাম লেখান লিটন। মুশফিক-তামিমদের পরে পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।
৮ হাজার ৯২৯ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট খেলতে নেমেছিলেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের ইনিংস খেলে মাইলফলকের অনেকটা কাছে চলে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এবার সেটিই পূর্ণ করলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬০ বল থেকে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন।
এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ৯ হাজার রান আছে চারজন ব্যাটারের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের।
সংশ্লিষ্ট সংবাদ: লিটন দাস
০৩ অক্টোবর ২০২৬
২৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬
