শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
সফরকালে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন ও মতবিনিময়কালে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
পরে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের চেতনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এমএ
