সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন। তাদেরই উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানও সব সময় আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের দুঃখ-দুর্দশা দূর করতে এবং অধিকার নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার সুবিধাবঞ্চিত ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ যেন সমাজের সর্বস্তরের অসচ্ছল পরিবারের মধ্যেও সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ভালোবাসার উপহার তুলে দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে দুস্থ নারীদের হাতে শাড়ি তুলে দেন।
