কিছু মানুষ জীবনে সাধারণ কোনো গল্প হয়ে আসে না, বরং এসে পুরো গল্পটাই ওলটপালট করে দেয়! ঠিক তেমনি এক ভিন্নধর্মী, কৌতুহল উদ্দীপক ও রহস্যময় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন অভিনেতা ইয়াশ রোহান। নাটকীয় এক মোড়ে তার উপস্থিতি জীবন বদলে দেবে অভিনেত্রী নাজনীন নীহার।
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই জুটিকে এবার একসঙ্গে দেখা যাবে বিশেষ নাটক ‘তোমার পরে তুমি’-তে। নাটকটির গল্পে দেখা যায়, জীবনের এক চরম কঠিন ও অন্ধকার মুহূর্তে দাঁড়িয়ে চরম কোনো অঘটন ঘটানোর চেষ্টা করে 'সারা' নামের এক তরুণী। ঠিক তখনই অতর্কিতভাবে তার সামনে এসে উপস্থিত হয় এক অপরিচিত যুবক 'সজল', যার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল।

আরও পড়ুন
সজলের অপ্রত্যাশিত আবির্ভাবে সারা তার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। এতদিন কেবল পোষা বিড়ালটিই ছিল সজলের সার্বক্ষণিক সঙ্গী, কিন্তু ঘটনাক্রমে সেই তালিকায় যুক্ত হয় সারাও। অজানা এক যুবকের হাত ধরে বেঁচে থাকার নতুন দিশা খুঁজে পায় সে, যার মধ্য দিয়ে পুরো গল্পের চিত্রপট অন্যদিকে মোড় নেয়। নাটকে এই রহস্যময় 'সজল' চরিত্রেই অভিনয় করেছেন ইয়াশ রোহান, আর 'সারা' চরিত্রে রয়েছেন নাজনীন নীহা।
রাসেল পারভেজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। 'তোমার পরে তুমি' নাটকে ইয়াশ ও নীহার পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা পার্থ শেখকে। এবারই প্রথম এই তিন অভিনয়শিল্পীকে একসঙ্গে একই ফ্রেমে বন্দি হতে দেখবেন দর্শক।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই মুক্তি পাবে নাটকটি। নাটকে একটি রোমান্টিক আবহ তৈরি করতে সংযোজন করা হয়েছে 'তোমার পিছু' শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান গায়ক রিয়াদ।
এমআইকে
