কালবেলা · জীবনধারা
বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি
২১/১০/২০২৬

২০২৬ সালের বিশ্বের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকা প্রকাশের আগে ৫১ থেকে ১০০ নম্বরে থাকা রেস্তোরাঁগুলোর বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ইউরোপের ১১টি দেশের ২০টি রেস্তোরাঁ জায়গা পেয়েছে।
আগামী ৪ নভেম্বর পেরুর রাজধানী লিমায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মূল তালিকা প্রকাশ করা হবে।
ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ওয়ার্ল্ডস ৫০ বেস্ট রেস্টুরেন্টস ২০২৬’-এর বর্ধিত তালিকায় ছয় মহাদেশের ৩৬টি শহরের রেস্তোরাঁ রয়েছে। আন্তর্জাতিক শেফ, খাদ্যবিষয়ক লেখক ও রন্ধন বিশেষজ্ঞসহ ১ হাজার ১০০ জনের বেশি বিশেষজ্ঞের ভোটে তালিকাটি তৈরি করা হয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে ইউরোপ। মহাদেশটির ২০টি রেস্তোরাঁর পর এশিয়ার ১৭টি, উত্তর আমেরিকার ৬টি, দক্ষিণ আমেরিকার ৩টি, আফ্রিকার দুটি এবং মধ্যপ্রাচ্যের দুটি রেস্তোরাঁ তালিকায় রয়েছে।
বর্ধিত তালিকায় ইউরোপের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইতালির সেনিগালিয়ায় অবস্থিত উলিয়াসি রেস্তোরাঁ। এটি তালিকার ৫১তম স্থানে রয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও স্পেন থেকে তিনটি করে রেস্তোরাঁ জায়গা পেয়েছে। বেলজিয়ামের দ্য জেন ৬৩তম, উইলেম হিলে ৬৬তম এবং এলিয়ানে ৮৬তম স্থানে রয়েছে।
ফ্রান্সের প্যারিসের আরপেজ ৬৭তম ও সেপ্টিম ৮১তম স্থানে রয়েছে। দেশটির সাঁ-ভ্রাঁ এলাকার লে দোয়েনি রয়েছে ৮৪তম স্থানে। জার্মানির তিনটি রেস্তোরাঁই বার্লিনে অবস্থিত। এগুলো হলো নোবেলহার্ট অ্যান্ড শমুটসিগ (৭৬তম), কোডা (৮২তম) এবং টিম রাউয়ে (৮৫তম)।
স্পেনের কোসিনা এরমানোস তোরেস ৬৯তম, তিসপা ৮০তম এবং আপোনিয়েন্তে ১০০তম স্থানে রয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনের কোল ৭০তম এবং দ্য লেডবেরি ৮৩তম স্থানে জায়গা পেয়েছে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো বর্ধিত তালিকায় ফিরেছে দ্য লেডবেরি।
এ ছাড়া ডেনমার্কের কোয়ান ৫৭তম, সুইডেনের ফ্রান্তজেন ৫৮তম, স্লোভেনিয়ার হিশা ফ্রাঙ্কো ৬০তম, পর্তুগালের বেলকান্তো ৭৫তম এবং তুরস্কের নিওলোকাল ৯৪তম স্থানে রয়েছে।
আগামী ৪ নভেম্বর লিমায় মূল ৫০টি রেস্তোরাঁর তালিকা ঘোষণা করা হবে। বিশ্বজুড়ে রন্ধনশিল্পের সেরা প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণে এ তালিকাটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সূত্র: ইউরো নিউজ
মূল প্রতিবেদনে যান ↗