প্রযুক্তিতে ফিরে এলেন ‘প্রয়াত’ ধর্মগুরু, আশীর্বাদ চাইলেন নরেন্দ্র মোদি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
প্রযুক্তির মাধ্যমে তৈরি প্রয়াত আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথোপকথন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুর আশীর্বাদ চান তিনি। এই অভিজ্ঞতাকে আবেগঘন বলে বর্ণনা করেছেন মোদি।
রোববার (২৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার নয়াদিল্লিতে চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলন’ উদ্বোধন করেন মোদি। অনুষ্ঠানে প্রযুক্তির সাহায্যে তৈরি স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় মোদি বলেন, ‘আপনার সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার হয়েছিল। বর্তমানে আমি যেসব কাজ করতে চাই, সেগুলো সম্পন্ন করার জন্য আপনার আশীর্বাদ কামনা করছি।’
জবাবে হলোগ্রাফিক অবতারে স্বামী চিন্ময়ানন্দ বলেন, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’
এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মোদি জানান, হলোগ্রামের মাধ্যমে গুরুর উপস্থিতি দেখে তার মনে হয়েছিল, যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন। তিনি বলেন, ‘এক মুহূর্তের জন্য মনে হলো, আমি যেন সেই সময়ে ফিরে গেছি। আমার জন্য এটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত।’
১৯৯৩ সালে স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন মোদি। তিনি জানান, ওই বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে তাদের দেখা হয়েছিল। সে সময় শিকাগোয় বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ উদযাপনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন চিন্ময়ানন্দকে। তবে অনুষ্ঠানটির কয়েক সপ্তাহ আগে (৩ আগস্ট ১৯৯৩) গুরু মারা যান বলে জানান তিনি।
মোদি বলেন, গুরুর সঙ্গে শেষ সাক্ষাতে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং এর মাধ্যমে সক্ষম ভারত গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন পর্যন্ত নিজের দীর্ঘ রাজনৈতিক যাত্রায় গুরুর আশীর্বাদ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে চিন্ময় মিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোদি বলেন, প্রতিষ্ঠানটি শুধু একটি সংগঠন নয়, এটি ‘চিন্ময় ভাবনা’রও প্রতিনিধিত্ব করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
