সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের একাধিক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে কয়েকটি অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি জানান।
এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে জরুরি বার্তা পাঠায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এই বার্তা প্রচার করা হয়। এতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জরুরি নিরাপত্তা নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ করে। একই সঙ্গে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকায় অপ্রয়োজনে জড়ো হওয়া এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়।
এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির ঝুঁকি কমে আসায় অল্প কয়েক মিনিটের মধ্যেই ওই সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
দক্ষিণাঞ্চলের আভা শহর এবং এর কাছাকাছি খামিস মুশাইত এলাকাতেও জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এসব এলাকায় জারি করা বিপদসংকেত প্রত্যাহার করে নেয় সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্কতা অবলম্বন, নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং সম্ভাব্য বিপজ্জনক স্থান এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতিতে ঘটনাস্থলে ভিড় করলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হতে পারে-এ কারণে ছবি ও ভিডিও ধারণের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
